শর্মিষ্ঠা
দেশ বলতে যা বোঝায় সেটা আমি ঠিক চিনি না।
হাওয়া দেয় ভোরের কাঞ্চন
কখনও জলের দাগে জল খুঁজে দেখেছো প্রিয় !
চাওয়ার মধ্যে চাহিদা খুঁজতে গিয়ে দেখি
আলোর শরীর ফিরে আসে
পানাদের কোলাহল।
আঁজলা ভিজিয়ে নিই, লেপে দিই পেতলের গোপাল
একাদশীর আতপে লেখা থাকে ঋতুরা সব বাচাল
নাজেহাল জলদালান।
দেশ বলতে যা বোঝায় সেটা আমি ঠিক চিনি না।
বেড়ার ফাঁকে গজিয়ে ওঠা আকন্দ
কখনও চোখের গভীরে আরেকটা আস্ত চোখ খুঁজে দেখেছো প্রিয় !
মাটির ভেতরে জমিন খুঁজতে গিয়ে দেখি
সীমানাহীন দাঁড়িয়ে সব প্রাচীন
একলা হয়েছে যানজট।
ঘ্রাণে পাই অতসী, কাঁখে থাকে পেটের সন্তান
কে যেন ডেকে যায় কবেকার চেনা নাম, ‘নিবারণ’
বুকের দোনলী মেহেরবান।

Share this content:

khub sundar hoichhe